খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

তথ্য বিবরণী |
০১:৪৫ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬


খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে ষষ্ঠ দিনে ‘মানবতাবাদ এবং বিশ^ শান্তি’ বিষয়ক সেমিনার রবিবার সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতার যুগে চাকুরির প্রস্তুতি নিতে গিয়ে মানবিক শিক্ষাগুলো থেকে আমাদের সন্তানরা দিন দিন বঞ্চিত হয়ে পড়ছে। তিনি আরও বলেন, মানব ইতিহাসের প্রথম দিকে আমরা বিভিন্ন যুদ্ধ পেয়ে থাকি। আগ্রাসন, অন্যায় ও দুষ্টকে দমন করতে গেলে একইভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা ও অর্জন করেছি। তৎকালীন বৈষম্য, অন্যায় এবং অবিচার এর বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা ও সমাজের শান্তি রক্ষার জন্যই যুদ্ধটা অনিবার্য ছিল।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বইমেলার মাধ্যমে শুধুমাত্র বই কেনা মূল বিষয় না। আমাদেরকে বইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। প্রতিদিন কিছু না কিছু বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাহলে আমরা আরো মানবিক জ্ঞান লাভ এবং মানবিক শান্তির অন্বেষণে সক্ষম হবো।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ শাহ ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মিজ আমেনা খানম। আলোচক ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
 

প্রিন্ট

আরও সংবাদ