খুলনা | সোমবার | ১৬ নভেম্বর ২০২৬ | ২ অগ্রাহায়ণ ১৪৩৩

এবার নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ১৬ নভেম্বর ২০২৬

 

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়দের ভাষ্য, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করে।

এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসী এগিয়ে আসার আগেই যানবাহনগুলো নিয়ে তারা ঢাকার দিকে চলে যায়। মুখোশ পরা থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। পরে গুলির শব্দ শুনতে পান তিনি।

স্থানীয়দের অভিযোগ, নাটোরেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বিএনপি নেতা জুয়েল বলেন, তিনটি যানবাহনে করে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়ে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে ভালোভাবে বোঝা না গেলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ