খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে 'বন্দুকযুদ্ধের’ নামে মুসলিম যুবককে গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
০২:১৭ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬

 

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' রতন শেখ নামে এক মুসলিম যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, এক পুলিশ সদস্যকে গুলি করার অভিযোগে পলাতক রতনকে গ্রেফতারের চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান।

রোববার (১৫ নভেম্বর) জেলার নানুর এলাকার একটি ইটভাটায় পুলশ এনকাউন্টারের নামে ওই মুসলিম যুবককে গুলি করে হত্যা করেছে।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গ্রেফতার এড়াতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান রতন। পরে পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।

এর আগে গত ১৩ নভেম্বর বীরভূমের শান্তিনিকেতনে এক পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে।

শান্তিনিকেতন থানার অধীন লায়েক বাজার এলাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চালানোর সময় কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি লাগে। এরপর থেকেই পলাতক ছিলেন রতন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ পুলিশের ওপর গুলি চালালে পুলিশ কি তাকে মিষ্টি খাওয়াবে?’ রাজ্যে অপরাধীদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এটি পঞ্চম ঘটনা।

প্রিন্ট

আরও সংবাদ