খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে খুলনায় মাঠে যৌথ বাহিনী, নগর জুড়ে কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৪ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


খুলনায় সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সোমবার সকাল থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন।
এর আগে রোববার রাতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়।
কেএমপি কমিশনার আরও জানান, নগর ভবনে পেট্রোলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে, তবে তারা এখনো এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে রাতের বেলার নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে।
এদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি থানার গুরুত্বপ‚র্ণ স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে।
অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতিমধ্যে মাদক ও অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রোববার দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা সড়কের কেডিএ মাঠ এলাকায় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের সঙ্গে গুলির ঘটনা ঘটে।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালানোর সময় অজ্ঞাত পরিচয় মাদক কারবারি ও সশস্ত্র ব্যক্তিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা শটগানের তিন রাউন্ড গুলি ছোড়েন। তখন সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। তবে হামলাকারীরা যে মোটরসাইকেলে এসেছিল, সেটির নম্বর প্লেট সংগ্রহ করা হয়েছে। সেই সূত্র ধরেই তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কেসিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোন কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।
মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনার পর সরকারি-বেসরকারি অফিসের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ টহল শুরু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ