খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

এলোমেলো বোলিংয়ের পর শেষ বিকেলে বাংলাদেশের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক |
১১:১৯ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। তবে লাঞ্চ থেকে ফিরেই ছন্দ হারান ডানহাতি এই পেসার। দ্বিতীয় সেশনের পুরোটা সময় ছন্দহীন ছিলেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। সাউথ আফ্রিকার ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে ঠিকঠাক লেংথে বোলিং করতে পারেননি তাদের কেউই। স্পিনার মেহেদী হাসান মিরাজ ছিলেন আরও ধারহীন।

ডানহাতি অফ স্পিনারকে পেয়েই একের পর এক বাউন্ডারি মারতে থাকেন মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজা। তাদের দুজনের দুইশ ছাড়ানো জুটি ভাঙে মুমিনুল হকের চমৎকার এক ডেলিভারিতে। হামজার বিদায়ের পর ছন্দও খুঁজে পায় বাংলাদেশ। শেষ বিকেলে দারুণ এক স্পেলে হাসান ফেরান অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটজকে। হাসানের ওমন বোলিংয়েই ম্যাচে ফেরে বাংলাদেশ। তবুও দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৮৭ রান তুলেছে সাউথ আফ্রিকা। এখনো বাংলাদেশের চেয়ে ১১৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এইডেন মার্করাম। ডানহাতি ওপেনার ৪ রানের বেশি করতে পারেননি। লাঞ্চের পর টানা দুই বলে দুইটি রিভিউ হারায় বাংলাদেশ। জুবাইর হামজার বিপক্ষে হাসানের প্রথম বলে ইমপ্যাক্ট আউট সাইড অব হয়েছে। পরের বলটি স্টাম্প মিস করে গেছে।

পাশাপাশি লাঞ্চের পর দ্রুত রান তোলার চেষ্টা করেন অ্যাকারম্যান ও হামজা। তাদের দুজনের মধ্যে অ্যাকারম্যান একটু বেশিই আক্রমণাত্বক ছিলেন। মেহেদী হাসান মিরাজের বলে চার মেরে ৬৮ বলে হাফ সেঞ্চুরিও করেন বাঁহাতি এই ওপেনার। হামজাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সেশনের পুরোটা সময় দাপট দেখান অ্যাকারম্যান। দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ১১১ রান তোলে স্বাগতিকরা। চা-বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি পেয়েছেন হামজাও।

মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ৮২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। দিনের তৃতীয় সেশনেও দাপুটে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। তাসকিনের শর্ট ডেলিভারিতে ফাইন লেগে ঠেলে দিয়ে ১২৫ বলে সেঞ্চুরি করেছেন অ্যাকারম্যান। তৃতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। তিন পেসারের সঙ্গে স্পিনার মিরাজও লেংথ খুঁজে পাচ্ছিলেন না। বাধ্য হয়েই মুমিনুল হকের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের অধিনায়কের পরিকল্পনা কাজেও দেয়। মুমিনুলের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন হামজা। ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ৮৩ রানে। হামজার বিদায়ে ভাঙে অ্যাকারম্যানের সঙ্গে ২০২ রানের জুটি। হামজা ফিরলেও রান তোলার গতি কমেনি অ্যাকারম্যানের। বিশেষ করে মিরাজের উপর বেশি চড়াও হয়েছেন তিনি।

আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ান তিনি। মুমিনুলের বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে ছুঁয়েছেন দেড়শ। তবে পরের ওভারেই অ্যাকারম্যানকে ফেরান হাসান। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে থার্ডম্যানে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন ১৫৭ রানের ইনিংস খেলা অ্যাকারম্যান। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ম্যাথু ব্রিটজ।

হাসানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে এজ হয়েছেন তিনি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ব্রিজট। তবে টিভি রিপ্লেেতে দেখা যায় বল লিটনের গ্লাভসবন্দী হওয়ার আগে ব্যাট ছুঁয়ে গেছে। ২ রান করেছেন ব্রিজট। ফিরতে পারতেন রায়ান রিকেলটনও। হাসানের অফ স্টাম্পের বলে এজ হয়েছিলেন তিনি। তবে ডানহাতি ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে পারেননি লিটন। বাভুমা ১৯ ও রিকেলটন ৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে হাসান তিনটি উইকেট নিয়েছেন।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সকালের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন লিটন। মার্কো জানসেনের শর্ট ডেলিভারিতে পুল করে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে ১৫৪ বলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। পাশাপাশি পকেট থেকে একটা চিরকুট বের করে উঁচিয়ে ধরেন লিটন। সেই চিরকুটে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

সাউথ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি পেয়ে সেটা মেয়েকে উৎসর্গ করেছেন তিনি। ক্যারিয়ারের অষ্টম ও বছরের তৃতীয় সেঞ্চুরি করেছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন লিটন। একই টেস্টে দ্বিতীয় ব্যাটার হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়। ২০২২ সালে করেছিলেন মাহমুদুল হাসান জয়।

লিটনের সেঞ্চুরির একটু পরই আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ড্যান প্যাটারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। ১৬ বলে ১০ রান করেছেন মিরাজ। এরপর হাসানকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন লিটন। যদিও তাকে ফেরান প্যাটারসন। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। ১৪ চার ও এক ছক্কায় ১৭৯ বলে ১২০ রান করেছেন তিনি।

ভালো শুরু পেলেও প্যাটারসনের বলে বড় শট খেলার চেষ্টায় উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা হাসান। শেষের দিকে ইবাদতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রান চারশতে নিয়ে গেছেন তাসকিন। শেষ পর্যন্ত ১৭ রান করা বিদায় তাসকিন ফিরলে অল আউট হয় সফরকারীরা। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবার চারশ ছুঁয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি ও প্যাটারসন নিয়েছেন চারটি উইকেট।

প্রিন্ট

আরও সংবাদ