খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শার্শায় আটক আ’লীগ নেতাকে জোরপূর্বক ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

শার্শা (যশোর) প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


যশোরের শার্শায় পুলিশের হাত থেকে এক আ’লীগ নেতাকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ তুলে উপজেলা বিএনপি’র কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে শার্শা থানা পুলিশ ৪ নম্বর শার্শা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মানিককে আটক করে। তবে পুলিশ তাকে আটক করার পরপরই ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আয়নাল হক থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পুরো আমলজুড়ে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগ ছিল। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত সাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোস্তফা কামাল মিন্টু বলেন, পুলিশ শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মানিককে আটক করেছিল। কিন্তু ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আয়নাল হক তাকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এমন কথা তিনি নিজে স্বীকারও করেছেন, যার অডিও রেকর্ড আমাদের হাতে রয়েছে। এমনকি পরদিন তার কাছ থেকে আর্থিক লেনদেনও করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক গ্রেফতারকৃত মানিককে যুবদলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে জোরপূর্বক থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। আওয়ামী লীগের সাথে পুলিশের কোনো সখ্য বা যোগাযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশের নাম ভাঙিয়ে যদি কেউ আর্থিক লেনদেন বা অনিয়ম করে থাকে, তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ