খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ডুমুরিয়ায় দোকান জবরদখলে বাঁধা দেয়ায় মালামাল ভাঙচুর ও মারপিট

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬

 
ডুমুরিয়ায় দোকান জবরদখলে বাঁধা দেয়ায় দোকানে ঢুকে মালামাল ভেঙে তছনছ ও দোকানীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এতে ওই দোকানীর অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পরিবারটি। রোববার বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ঠাকুরবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, ভান্ডারপাড়া গ্রামস্থ মৃত আঃ মজিদ ফকিরের ছেলে জাফরুল ইসলাম ফকির একই এলাকার নাসিম ফকিরের নিকট থেকে ৫ বছর মেয়াদি চুক্তিতে একটি দোকান ভাড়া নিয়ে দুই বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। কিছু দিন হল ঘর মালিক নাসিম ফকিরের মৃত্যু হয়। এমতাবস্থায় ঘর মালিক নাসিম ফকিরের পুত্র সন্তান না থাকার সুবাধে ওই দোকান জবরদখলের নেশায় মেতে ওঠে তার বড় ভাই সেলিম ফকির ও ভাইপো সাকিল ফকির। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে বাপবেটা মিলে দোকানে ঢুকে ফিল্মস স্টাইলে দোকানে থাকা মালামাল ভেঙে তছনছ করে এবং বাঁধা দেয়ায় দোকানী জাফরুল ফকিরকেও বেপরোয়া মারপিট করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রত্যক্ষ দর্শিদের অনেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ