খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ডুমুরিয়ায় গোবরেই যেন সোনার খনি : ১২টি গরুর বর্জ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকের মাসে আয় ৫০ হাজার

এফ এম মনির, ডুমুরিয়া |
১১:৫৯ পি.এম | ১৬ নভেম্বর ২০২৬


এক কেজি কেঁচো দিয়ে শুরু, আর এখন মাসে উৎপাদন হচ্ছে ৫ টন জৈব সার। অবসরপ্রাপ্ত শিক্ষক আমান উল্লাহর ‘গ্রিন অ্যাগ্রো ফার্ম’ বর্জ্যকে করেছে সম্পদ। গোয়ালের গোবর, যা অনেকের কাছে বর্জ্য সেই গোবরই এখন আয়ের সোনালি উৎস। মাত্র এক কেজি কেঁচো আর নিজের গোয়ালের গোবর দিয়ে শুরু করে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন খুলনার ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জি. এম. আমান উল্লাহ। তাঁর গড়ে তোলা ‘গ্রিন অ্যাগ্রো ফার্মে’ প্রতি মাসে উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচ টন কেঁচো সার। ছোট্ট উদ্যোগটি এখন স্থানীয় কৃষিতে জৈব সারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
শুরুটা হয়েছিল মাত্র তিন হাজার টাকার বিনিয়োগে। মাটির চাড়ি কিনে এক কেজি কেঁচো সংগ্রহ করে নিজের গরুর গোবর দিয়ে সার তৈরি শুরু করেন তিনি। প্রথমে বাড়ির গাছপালায় সেই সার ব্যবহার করেন। ভালো ফল পাওয়ায় বাড়তে থাকে চাহিদা। ২০১৪ সালে উদ্যোগটিকে বাণিজ্যিক রূপ দেন। গড়ে তোলেন ১৮টি চেম্বার ও ২২টি চাড়ির খামার।
বর্তমানে ১২-১৩টি গরুর গোবর ব্যবহার করে তৈরি হচ্ছে এই সার। শ্রমিক ও বিদ্যুৎ খরচ বাদে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হয় বলে জানান আমান উল্লাহ। ২৫ কেজির বস্তা ৩৮০ টাকা দরে ডুমুরিয়াসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। শিগগিরই ৫ ও ১০ কেজির প্যাকেট বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
খামারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গোবর প্রক্রিয়াজাত করার সময় উৎপন্ন গ্যাস পরিবারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ একই গোবর থেকে মিলছে জৈব সার ও রান্নার জ্বালানি। পাশাপাশি খামারে থাকা চারটি দুধেল গাভি থেকে প্রতিদিন ২০-২৫ কেজি দুধ বিক্রি হচ্ছে। 
আমান উল্লাহর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরাও। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে জৈব সারের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ বাড়লে স্থানীয় কৃষক ও কৃষি উভয়ই উপকৃত হবে। অবহেলিত গোবরকে সম্পদে পরিণত করে আমান উল্লাহ দেখিয়েছেন, বড় পুঁজি নয়-সঠিক পরিকল্পনা ও পরিশ্রমই হতে পারে স্বাবলম্বী হওয়ার পথ। তাঁর ‘গ্রিন অ্যাগ্রো ফার্ম’ গ্রামীণ অর্থনীতিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব কৃষির এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

প্রিন্ট

আরও সংবাদ