খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

গার্মেন্টস খাতে অস্থিরতা আশু সমাধান প্রয়োজন

|
১২:০১ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা কাটছে না। মজুরি বোর্ড গঠন এবং ডিসেম্বর থেকেই মজুরি বাড়ানোর ঘোষণার পরও বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর আসছে। অনেক কারখানা বন্ধ, কিছু কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। মোটকথা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 
এদিকে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ ঘোষণা দিয়েছে, শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ ঘোষণা করা হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়ছে চারপাশে, বিশ্ববাজারে আমাদের সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে। এরই মধ্যে অনেক ক্রেতা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? জবাব হলো সবাই। শ্রমিক, মালিক সর্বোপরি দেশের অর্থনীতিই চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকার দাবিতে টানা আন্দোলন করছে পোশাক শ্রমিকদের একটি অংশ। তবে আন্দোলনের শুরুর দিকেই সরকার বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করে। সেই বোর্ডে শ্রমিক, মালিক, সরকারসহ সব পক্ষের প্রতিনিধি রয়েছেন। এরই মধ্যে মজুরি বোর্ড বৈঠকও করেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন স্কেলে বেতন পাবেন। কিন্তু এর পরও একটি পক্ষ আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করছে।
বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ দৈনন্দিন সব খাতে খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক। সাড়ে ১২ হাজার টাকা দিয়ে একটি পরিবার চলতে পারে না। অন্যদিকে মালিকপক্ষের দাবি হলো, তাদের ব্যবসায় মন্দাভাব কাটছে না। অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জ্বালানিপণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এদিকে কেউ কেউ বলছেন, দেশের তৈরি পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য কোনো কোনো মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে-বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।
জানা যায়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তির। ক্রেতারা যখন সময়মতো পণ্য পান না কিংবা অনিশ্চয়তায় পড়েন, তখন সংশ্লিষ্ট দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। এমনকি যে দেশে ঝুঁকির মাত্রা যত বেশি, সেখানে ক্রেতারা উচ্চমূল্যের অর্ডার দিতে চান না। আবার অর্ডার দিলেও পণ্যের মূল্য নির্ধারণের সময় ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। অনেক সময় কাছাকাছি মূল্যে অন্য দেশে অর্ডার স্থানান্তর করা হয়। জানা যায়, এই সময় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এই শিল্পের ব্যাপক প্রসার হয়েছে। এ কারণে বাংলাদেশের অনেক ক্রেতা অন্য দেশে চলে যাচ্ছেন বলেও খবরে উল্লেখ করা হয়।
অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞরা মনে করেন, এই খাতে সংকটের স্থায়ী সমাধান হওয়া জরুরি। এ ক্ষেত্রে শুধু মজুরির অঙ্ক বাড়ানো কিংবা মালিকদের সক্ষমতার যুক্তিতে সিদ্ধান্ত আটকে থাকলে হবে না। শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, পণ্যের ন্যায্যমূল্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।
একটি বিষয় আমাদের সবার মনে রাখা দরকার, গার্মেন্টস খাত দেশের অর্থনীতির প্রাণভোমরা। আমাদের রপ্তানি আয়ের প্রধান উৎস। কাজেই এই শিল্পে অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। চলমান সংকট থেকে উত্তরণে সব পক্ষের উচিত ধৈর্য ধারণা করা এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা। সুযোগসন্ধানী কোনো মহল যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে সতর্ক নজর থাকাও অপরিহার্য।

প্রিন্ট

আরও সংবাদ