খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই : ক্ষোভ বাদী পক্ষের আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক |
০২:০৯ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যা মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারভুক্ত চার প্রধান আসামিসহ জড়িত অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী কাজী নাজমুল হাসান এ অভিযোগ করেন। এসময় আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর তুচ্ছ একটি ঘটনাকে (ভাত খাওয়া নিয়ে) কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাসে পরিকল্পিতভাবে আজমুল হোসেন আযমকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করা হয়। মারধর করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর হরিণটানা থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-০৩, জিআর নং-৭১/২৬) দায়ের করেন।
মামলার পর থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রত্যেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে গত প্রায় দেড় মাসে আর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।
আদালতের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে হাসানাত হাবিব রিফাত অন্তর্বতীকালীন জামিনে রয়েছেন। রবিবার আসামি মোঃ সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হলে বাদীপক্ষের বিরোধিতা এবং ১৬৪ ধারার জবানবন্দি বিবেচনায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষ সময় আবেদন করেন। তিনি তদন্ত কার্যক্রমের ধীরগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মামলার এজাহারনামীয় প্রধান আসামি রবিন, সাগর, ওবাইয়দুল এবং মুবিন এখনও গ্রেফতার হয়নি। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে পুলিশ আর কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা গ্রেফতার না হলে বিচার ব্যবস্থা বিঘিœত হতে পারে বলে তিনি দাবি করেন।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ রয়েছে এবং উপাচার্য ও প্রক্টর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের স্বার্থে তিনি এজাহারভুক্ত পলাতক ৪ আসামিসহ জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হাসানাত হাবিব রিফাতের অন্তর্বতীকালীন জামিন বাতিল, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে নির্ভুল অভিযোগপত্র (চার্জশিট) দাখিল, এবং নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ