খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে অজ্ঞাত ব্যক্তি ও পাচারকারীদের লক্ষ্য করে বিজিবির পাঁচ স্থানে গুলিবর্ষণ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১১ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


সাতক্ষীরা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে সীমান্তের পাঁচটি পৃথক স্থানে সতর্কতামূলক গুলি ছোড়ে বিজিবি সদস্যরা। পরে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৫ নভেম্বর দিবাগত রাতে আভিযানিক দল সীমান্তের পাঁচটি পৃথক স্থানে অজ্ঞাত ব্যক্তি ও পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়ে টহল দল। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়।
সীমান্তে অপরাধ প্রবণতা রোধে প্রচলিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় সীমান্তে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা ও শক্তিশালী সার্চলাইটের মাধ্যমে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। 
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি বলেন, চলমান পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখছে বিজিবি। সাতক্ষীরা সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ও ব্যাটালিয়নের সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ