খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩১ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬

 

খুলনার সামনে সমীকরণটা ছিল এমন, শুধু হার এড়ালেই হতো। আজ সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। রেকর্ড ৮ম শিরোপা জিতল তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। প্রথম ইনিংসে রংপুর সংগ্রহ করে ৩৩৮ রান। জবাবে ৩২২ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে রংপুর আজ ১৮৪ রানে গুটিয়ে যায়। পরে চতুর্থ ইনিংসে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।

জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের উদ্বোধনী জুটিতেই আসে ১২৩ রান। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করেন আজিজুল হাকিম তামিম। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম।

মাত্র ১ উইকেট হারিয়ে ৪০ ওভারে জয় তুলে নেয় খুলনা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী।

এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি হাঁকান নুরুল হাসান সোহান। সফর আলী খুলনার হয়ে প্রথম ইনিংসে পান ৪ উইকেট। খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে।

প্রিন্ট

আরও সংবাদ