খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, চেন্নাইয়ে নতুন দায়িত্ব

ক্রীড়া প্রতিবেদক |
০৪:২০ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬

 

দীর্ঘ ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তার। আইপিএল ২০২৭ মৌসুমে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধোনির নতুন দায়িত্বের কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় পরবর্তী আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে আসে এই ঘোষণা।

ধোনিকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি। সাফল্য, ব্যর্থতা কিংবা মাঝের সব প্রতিক‚লতায় একে অপরের পাশে থেকেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’

ধোনিকে চেন্নাইয়ে নেওয়ার সিদ্ধান্তের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমিই জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে চেন্নাইয়ের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে সে যেমন, সেটিও বড় কারণ। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। চেন্নাই সব সময় তার ঘর।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ধোনি। তার নেতৃত্বে ১৭ মৌসুমে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। পাশাপাশি জিতেছে দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপাও। তবে ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল থেকে চেন্নাই নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।

৪৫ বছর বয়সী ধোনির আইপিএল ক্যারিয়ার শেষ হচ্ছে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে। ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এবার ক্রিকেটার হিসেবে নয়, মেন্টরের ভ‚মিকায় চেন্নাইয়ের ড্রেসিংরুমে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

প্রিন্ট

আরও সংবাদ