খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান!

খবর প্রতিবেদন |
০৫:০১ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬

 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ (রাসায়নিক বোমা) হামলার পরিকল্পনা করছে ইরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনায় ওয়াশিংটনের নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। তবে ইরান এ ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে কি না কিংবা সত্যিই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

গোয়েন্দা তথ্য বলছে, আপাতত হামলার পরিকল্পনা চূড়ান্ত করার পরিবর্তে সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করছে তেহরান। তবে বিষয়টি মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের চক্রান্ত, যার মধ্যে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনের ষড়যন্ত্রও রয়েছে, তা শেষ হয়নি। মার্কিন কর্মকর্তারা বিদেশে ভ্রমণকালে ইরান তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল।

দুটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে সম্ভাব্য হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার জন্য প্রয়োজনীয় উপকরণ আগে থেকেই মজুত রাখার বিষয়ে ইরানি যোগাযোগের তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, হামলা বাস্তবায়নের জন্য ইরানের প্রয়োজনীয় লোকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

ডার্টি বোমা কী, কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
‘ডার্টি বোমা’ প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি করা হয়। এটি পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। অন্যদিকে ডার্টি বোমার বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় তাৎক্ষণিক প্রাণহানির প্রধান কারণ হতে পারে বিস্ফোরণ। তবে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থ মানুষের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করতে পারে এবং কোনো কোনো এলাকা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগে থেকেই অবস্থানরত কাউকে ব্যবহার করেও এ ধরনের হামলা চালানোর চেষ্টা করতে পারে ইরান—এমন আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে শুধু ওয়াশিংটন নয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে ওয়াশিংটনের। বেশ কয়েকজন কর্মকর্তা মনে করেন, এ ধরনের হামলা থেকে নিজেদের রক্ষা করতে মার্কিন সেনারা প্রস্তুত নয়।

একটি সূত্র সিএনএনকে জানিয়েছে যে, রাসায়নিক অস্ত্রের হুমকির কারণে এই অঞ্চলের কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের মিশন।

এক বিবৃতিতে ইরানের মিশন বলেছে, ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ বলে মনে করে ইরান’। এ ধরনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও প্রত্যাখ্যান করেছে দেশটি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে অবরোধ পরিস্থিতির মধ্যে নতুন এই গোয়েন্দা তথ্য দুই দেশের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন, এনডিটিভি

প্রিন্ট

আরও সংবাদ