খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ওপারের উসকানিদাতাদের ফাঁদে পা দেবেন না, গোপালগঞ্জবাসীকে সালাহউদ্দিন

খবর প্রতিবেদন |
১১:১২ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬


সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে জানিয়ে সেই উসকানিতে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যারা থানায় আগুন দিয়েছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের (বিএনপির) সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানানো ব্যক্তিদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘হামলাকারীদের ভিডিও ও ঘটনার ফুটেজ সরকারের কাছে রয়েছে। আজ হোক বা কাল, প্রত্যেককে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’

সালাহউদ্দিন বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি মনে করে, তাদের ভিডিও রেকর্ড ও ফুটেজ আমাদের কাছে নেই, তাহলে তারা ভুল করবে। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, আজ অথবা কাল প্রত্যেক দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’

গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছুসংখ্যক দুষ্কৃতিকারী এবং সীমান্তের ওপার থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’

সংসদে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্যের বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল স্বৈরাচার ও ফ্যাসিবাদী আচরণ রয়েছে। তারা এসব করেই যাবে। এর মাধ্যমে তারা প্রমাণ করছে, বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।’

এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী তার ওপর হামলার চেষ্টা করছে। সংসদ থেকে আমরা এর গভীর নিন্দা জানাই।’ এ ঘটনায় যুক্তরাজ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের দূতাবাস ও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে বলেও জানান তিনি।

একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণেরও নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

প্রিন্ট

আরও সংবাদ