খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক |
১১:১৭ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬

 

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) এবং ভ্যানচালক মো. খালেক (৬৫)। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা গেছে, রাতে সোলায়মান শেখ ও মো. খালেক ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং ভ্যানচালক খালেকের বাম হাতে গুলি লাগে। গুলির পাশাপাশি দুর্বৃত্তদের হামলায় দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গোলাগুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। হঠাৎ এমন হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘের ব্যবসায়ী সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

তবে কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে।

প্রিন্ট

আরও সংবাদ