খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

এবার গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন

খবর প্রতিবেদন |
১১:২৫ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর নিকট আত্মীয়ের ৩০ থেকে ৪০টি বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে জানা গেছে। এ ছাড়াও বিভিন্ন সড়কে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

আজ মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এস এম জিলানীর পৈতৃক বাড়ির দিকে যান। পরিস্থিতি খারাপ হতে পারে বুঝতে পেরে বাড়ির লোকজন ও তাঁর আত্মীয়রা বাড়ি ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা জিলানীর বংশের ৩০ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি চলে যাওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দেন। তবে আন্দোলন চলার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশন থেকে বের হতে পারেননি। পরে এস এম জিলানীর বাড়ির লোকজন ও কয়েকজন গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

এমপি এস এম জিলানীর বাড়ির লোকজন আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাত ১০টার দিকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, ‘টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর পাটগাতীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু আন্দোলনের কারণে আমরা স্টেশন থেকে বের হতে পারছিলাম না। এখন স্থানীয় কিছু লোক সেখানে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি নতুন আসায় কোথায় যাচ্ছি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না।’

এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ