খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১৮ নভেম্বর ২০২৬


মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর রিফুজি পাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, শহিদুল ইসলাম তার চারটি বিবাহের কথা গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তহমিনা খাতুন নামে এক নারীকে বিয়ে করেন। এটি ছিল পঞ্চম বিয়ে, এ বিয়েতে নগদ ২ লাখ টাকা এবং একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি কন্যাসন্তান রয়েছে। পরে শহিদুল ইসলাম আনোয়ারা খাতুন নামের আরেক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান এবং তাকেও বিয়ে করেন, এটি ছিল ষষ্ঠ বিয়ে। এরপর শহিদুল ইসলাম তার অন্য স্ত্রীদের প্ররোচনায় পঞ্চম স্ত্রী তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার পর বিষয়টি মীমাংসা করার নাম করে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে শহিদুল তার বাড়িতে নিয়ে আসেন। ১৫ মার্চ তহমিনার ওপর অমানবিক নির্যাতন চালান। নির্যাতন সহ্য করতে না পেরে তহমিনা পালিয়ে যান। সেখান থেকে তহমিনাকে ধরে এনে তার ষষ্ঠ স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালান। এ ঘটনা তহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামল দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুব্রত কুমার পাল তদন্ত করেন। ওই সময় শহিদুলকে আটক করা হয়। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির উপ-পরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত করেন এবং ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করেন। রিপোর্টে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শহিদুল ইসলাম আনোয়ারা খাতুনের বিরুদ্ধে ২০১৯ সালের ২ নভেম্বর চার্জশিট দাখিল করেন। পরে মুজিবনগর থানার অভিযোগপত্র মামলাটি ৩০২/২০১/৩৪ প্যানেল কোড ধারার অপরাধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। শহিদুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদয়ে আরো ছয় মাসের কারাদণ্ডদেশ দেন। মামলার অপর আসামি আনোয়ারার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর কালার দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক ও সিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামি পক্ষে এড. আব্দুল মতিন কৌঁসুলি ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ