খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

যশোর থেকে নিখোঁজ কলেজ ছাত্রী সাতক্ষীরায় উদ্ধার, পরিবারে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৯ এ.এম | ১৮ নভেম্বর ২০২৬


যশোর থেকে নিখোঁজ হওয়া সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কলেজ ছাত্রী এক যুবতীকে (২৪) সাতক্ষীরা সদর থানা পুলিশের মানবিক উদ্যোগ এবং কয়েকজন সচেতন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ শফিকুল ইসলামের উপস্থিতিতে যুবতীকে তাঁর বাবা মোঃ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে এক সচেতন পথচারী ওই যুবতীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। এ সময় সে নিজের বাবা-মায়ের নাম বলতে পারলেও বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেনি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী তাঁর পরিচয় শনাক্ত এবং নিরাপদে পরিবারে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তাঁরা যুবতীকে পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত থানায় নিরাপদ আশ্রয়ে রাখার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরাতে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা খবর প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকে। 
সার্বিক পরিস্থিতি বিবেচনায় সদর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম আদালতে উপস্থাপনের আগ পর্যন্ত তার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দায়িত্ব দেন নারী ও শিশু হেল্পডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মমতা খাতুনকে। এসআই মমতা আন্তরিকতার সঙ্গে যুবতীর পরিচয় ও পরিবারের সন্ধান বের করার চেষ্টা অব্যাহত রাখেন। পরদিন তাঁকে আদালতে উপস্থাপনের পর মানসিক স্বাস্থ্য বিবেচনায় পাবনায় পাঠানোর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে হেল্পডেস্ক কর্মকর্তা মনে করেন, পরিবারের সন্ধান পাওয়ার জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় নেওয়া প্রয়োজন। পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে তিনি যুবতীর পরিবারের সন্ধানে জোরালো প্রচেষ্টা চালান এবং শেষ পর্যন্ত সফল হন।
এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর বাবা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তাঁর মেয়ে জান্নাতুল জেবা (২৪) সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং উপ-শহর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। গত ১৪ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুরের মান্দারতলা এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের অজান্তে সে বের হয়ে যায়। এরপর আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। মেয়ের মানসিক অবস্থা নিয়ে উৎকণ্ঠার কথা জানিয়ে তিনি আইনি সহায়তার আবেদন করেছিলেন।
পরে সাতক্ষীরা সদর থানায় ওই যুবতীর সন্ধান পাওয়ার খবর পেয়ে তাঁর বাবা মঙ্গলবার থানায় উপস্থিত হন। সেখানে তিনি মেয়েকে শনাক্ত করেন এবং মেয়েও বাবাকে চিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন। এ সময় যুবতীর  নিরাপত্তা নিশ্চিত করা ও পরিচয় শনাক্তের প্রক্রিয়ায় যুক্ত নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রচেষ্টার পর মেয়েকে সুস্থভাবে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন বাবা। একজন সচেতন পথচারীর উদ্যোগে শুরু হওয়া এই মানবিক প্রচেষ্টার সফল পরিণতি পুলিশ, নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীদের সম্মিলিত দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

প্রিন্ট

আরও সংবাদ