খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৯ এ.এম | ১৮ নভেম্বর ২০২৬


সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিংয়ের কর্মী মোঃ মাহমুদুল হাসান (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। আটক মাহমুদুল হাসান শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে।
ওই নারীর বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, চিকিৎসকের পরামর্শে ওই নারী কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আল্ট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগে গেলেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় মাহমুদুল তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্র্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়। ওই নারী কক্ষে প্রবেশ করলে মাহমুদুল দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয়। পরে ওই নারী বাড়িতে গিয়ে বিষয়টি তার স্বামীকে জানান। তার স্বামী খোঁজখবর নিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই মামলা দায়ের করেছেন। পরে পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেফতার করে। সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। বিষয়টি নিয়ে আমরাও ব্যবস্থা নেব। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ