খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

দেশে সব সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ১৮ নভেম্বর ২০২৬


গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে সা¤প্রতিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের গুরুত্বও তুলে ধরেছে তারা।
নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের সোমবার (১৬ নভেম্বর) এ কথা বলেন।
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে জাতিসংঘের মন্তব্য জানতে চেয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত। ’
ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে; কিন্তু এ প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। ’
এদিকে, দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখাকে লক্ষ্য করে সা¤প্রতিক ‘ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায়’ গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ব্যাংকটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মোট ২০টি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
ব্যাংকটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, দায়ীদের শনাক্ত করবে, যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং দেশজুড়ে এর শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই ব্যাংকটির প্রতিষ্ঠাতা।

প্রিন্ট

আরও সংবাদ