খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করাতে পারে: কেলি ই কারি

খবর প্রতিবেদন |
০৪:০৭ পি.এম | ১৮ নভেম্বর ২০২৬


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করাতে পারে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই কারি।

বাংলাদেশ সফর শেষে আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আট দিনের বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত বলেন, ‘মিয়ানমারের রাজধানী নেপিদো সাধারণ মানুষের ওপর বোমা হামলা চালিয়ে যে বিভীষিকা তৈরি করেছে, এরপর আসিয়ান জোটে মিয়ানমারের ফিরে যাওয়া নিয়ে প্রশ্ন করা উচিত। আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করাতে পারে।’

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে চান উল্লেখ করে কেলি ই কারি বলেন, প্রতিদিন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গারা নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, যা তাদের মরিয়া সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

বিশেষ দূত জানান, রোহিঙ্গারা আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের সমাধান একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে সম্ভব।’

আন্তর্জাতিক আদালতের রায়ের পর রাখাইনের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে কেলি ই কারি বলেন, ‘রাখাইনে শুধু সামরিক জান্তা নয়, অতীতে বৌদ্ধ ধর্মগুরুরাও ইসলামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। তাই ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করা প্রয়োজন।’

গাম্বিয়ার করা মামলার রায়ের পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ নানা উপায়ে চাপ বাড়াতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

মিয়ানমার সরকার আন্তর্জাতিক মহলকেও তোয়াক্কা করে না মন্তব্য করে কেলি ই কারি বলেন, ‘মিয়ানমার এমন একটি রাষ্ট্র, যারা নিজেদের জনগণের কথা ভাবে না। এমনকি আন্তর্জাতিক মহলকেও তোয়াক্কা করে না। তারা অনেকটা নির্লজ্জভাবেই এসব করে যাচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারে যে গণহত্যা হয়েছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মিয়ানমারের সেনাবাহিনী তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

চীন ও রাশিয়া ঐতিহাসিকভাবেই মিয়ানমারকে সহযোগিতা করে আসছে বলে অভিযোগ করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তিনি বলেন, ‘শুধু তারাই নয়, আরও কয়েকটি দেশ মিয়ানমারকে সহযোগিতা করছে। তারা দেশটিকে মাফিয়া ও গ্যাংস্টারদের মতো আচরণ করতে সাহায্য করছে। এসব রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিকভাবে চাপ প্রয়োগ করতে।’

প্রিন্ট

আরও সংবাদ