খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৫:১৭ পি.এম | ১৮ নভেম্বর ২০২৬


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংকগুলোর পাশাপাশি বিদেশের এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশে রেমিট্যান্স পাঠানোর নতুন নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ার পাশাপাশি প্রতিযোগিতা তৈরি হওয়ায় স্থানান্তর ব্যয়ও কমেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা দিচ্ছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও অর্থ পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। নতুন প্রযুক্তি ও মাধ্যম ব্যবহারের বিষয়েও উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রিন্ট

আরও সংবাদ