খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


বিশ্ববিদ্যালয়সমূহ তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কমিশনের সকল সদস্য এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দের সভায় গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গত ৯ নভেম্বরের সভায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও উলে­খ করা হয়।
৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভুল- বোঝাবুঝি নিরসন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে ১৮ নভেম্বর সন্ধ্যায় বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহ তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে নিজ নিজ ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়সমূহের আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ