খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শীর্ষ নেতারা

আগুন সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে পাড়া মহল্লায় গণপ্রতিরোধের ডাক নগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী শক্তির দোসরদের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থেকে পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আগুন সন্ত্রাস, অগ্নিসংযোগ ও পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। 
গতকাল বুধবার বিকেল ৪টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের বিদায় বাংলাদেশে ২০২৪ সালেই হয়েছে। নতুন করে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু রাজপথে নয়, পাড়া-মহল্লায়, অলিগলিতে সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে। কোনো অপশক্তিকে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। 
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করবে না। যারা বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা চালাতে চায় কিংবা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের অপচেষ্টা এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। জনগণের ভালোবাসা ও সমর্থনে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন। তাঁকে বিপদে ফেলা কিংবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে দুর্বল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে রয়েছে-এই প্রশ্নে কোনো আপস নেই বলেও মন্তব্য করেন তাঁরা।
সমাবেশে বক্তারা সা¤প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর অপচেষ্টা ছাড়া কিছু নয়। যারা আগুন ও সন্ত্রাসের মাধ্যমে আতঙ্ক ছড়াতে চায়, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 
বক্তারা আরও বলেন, অতীতে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলে এসব পরিবার তাদের স্বজনদের পরিণতির জবাব চাইবে। শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। 
নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার পক্ষে। কোনো ধরণের উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। সাধারণ মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দিতে হবে। 
মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মহানগরীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকেল ৩টা থেকেই থানা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল এসে কেডি ঘোষ রোড কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেডি ঘোষ রোড, পিসি রায় রোড, যশোর রোড হয়ে ফেরিঘাটে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে আপা আপা করিস না-তোদের আপা আসবে না, ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। 
ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল : এদিকে আগুন সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে প্রতিবাদ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ