খুলনা | শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘আকভান’ আতঙ্কে উপকূলে নির্ঘুম রাত, মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি |
০৩:১৩ পি.এম | ১৯ নভেম্বর ২০২৬


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বুধবার থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি ও প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। দু’দিন ধরে লাগাতার ভারী বর্ষণ ও স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি ঢুকে পড়ার ভয়ে এবং বড় ধরনের দুর্যোগের আশঙ্কায় উপকূলের লক্ষাধিক মানুষের নির্ঘুম রাত কেটেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষ ও সুন্দরবনের ফরেস্ট অফিসগুলো।

বন্দরে পণ্য খালাস ব্যাহত
বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। বন্দর ব্যবহারকারী ও স্টিভিডরস মালিকরা জানান, বুধবার রাতের পালায় কাজ কিছুটা চললেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে।

বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বন্দর চ্যানেল ও জেটিতে পণ্য খালাসের অপেক্ষায় দেশি-বিদেশি ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি গমবাহী জাহাজ রয়েছে। বৃষ্টির সময় জাহাজের হ্যাচ (ঢাকনা) খুললে পানি ঢুকে গম পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আশ্রয়ে জেলেরা, আতঙ্কে উপকূলবাসী
সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে নদী ও সাগরে জাল পাততে পারছেন না জেলেরা। বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরে মাছ ধরতে যাওয়া শত শত ট্রলার ও নৌকা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। এছাড়া বৃষ্টির কারণে সুন্দরবনের বন্যপ্রাণীদেরও উঁচু মাটির টিলায় আশ্রয় নিতে দেখা গেছে।

উপকূলীয় সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি গ্রামের কবির মিয়া, ছলেমান মাঝি ও চিলা ইউনিয়নের জেলে মো. আজাহার জানান, অতীতে সিডর, আইলা, বুলবুল ও আম্পানের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এই এলাকার মানুষ সব হারিয়েছে। আকাশ গুমোট দেখলেই তাদের মাঝে অজানা আতঙ্ক কাজ করে। বিশেষ করে পশুর ও শ্যালা নদী সংলগ্ন চাঁদপাই, বুড়িরডাঙ্গা, কানাইনগর, চিলা ও জয়মনির ঘোলে বসবাসকারী প্রায় ১৫ থেকে ২০ হাজার জেলে পরিবার চরম আতঙ্কে রয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এ অঞ্চলে প্রায় ১৮ থেকে ২০ হাজার জেলে থাকলেও সরকারি নিবন্ধিত জেলে রয়েছেন ১২ হাজার ৬৭০ জন। পূর্বের দুর্যোগগুলোতে উপজেলার ইউনিয়নগুলোতে ১০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮ কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে, যা এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি।

আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ সংকেত না দেওয়া হলেও, পশুর নদীর পানি বৃদ্ধি ও অতিবর্ষণের কারণে নতুন করে ঘূর্ণিঝড় ‘আকভানের’ আঘাতের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন উপকূলবাসী।

প্রিন্ট

আরও সংবাদ