খুলনা | শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

মোংলায় বিক্ষোভ সমাবেশে বিএনপি’র নেতৃবৃন্দ

আ’লীগ নাশকতা রোধে কোথাও পুলিশ নেই, অঘটন ঘটলে দায় নিবে কে

মোংলা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২০ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, বাবলু ভূঁইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন রনি, পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন, মোঃ আলাউদ্দিন, বিএম ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মামুন ভূঁইয়া ও মহসিন পাটোয়ারী সহ আরো অনেকে। 
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি, গোপালগঞ্জে একটি বাড়িতে আগুন জ্বলবে, সারাদেশের জেলায় জেলায় আগুন জ্বলবে। যে ফেসবুকে উস্কানিমূলক লিখবে তার বাড়িঘর ভাঙচুর করা হবে। আর প্রশাসনকে বলছি, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগদের ধরেন, টাকা খেয়ে রাঘব বোয়ালদের ছেড়ে দিয়েন না। 
বিশেষ অতিথির বক্তৃতায় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশের মাটিতে ফিরে আসতে দিবোনা। প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি, গোপালগঞ্জ ভেঙ্গে আশপাশের অন্যান্য জেলার সাথে মিশিয়ে দেন, যাতে গোপালগঞ্জ নামের অস্তিত্ব না থাকে। 
বিএনপি’র সহ-সভাপতি মোঃ এমরান হোসেন বলেন, আওয়ামী নাশকতা রোধে পৌর ও উপজেলার কোথাও একজন পুলিশ নেই। কোথাও কোন ধরনের অঘটন ঘটলে তার দায় কে নিবে। তিনি আরো বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করতে হবে যাতে পলাতক আওয়ামী দোসরদের আত্মীয় স্বজনের বুঝতে পারেন বিএনপি মাঠে আছে। 
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকেরা অংশ নেন। 

প্রিন্ট

আরও সংবাদ