খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দুই ফরম্যাটের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২৩ পি.এম | ২০ নভেম্বর ২০২৬

 

জোহানেসবার্গে ভিন্ন কিছুর সুযোগ থাকলেও সিরিজের প্রথম টেস্টে হেরে বসেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দ্বিতীয় টেস্টে লড়বে। এরপর রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। যার জন্য স্বাগতিক প্রোটিয়াদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।

প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। তার বদলে ফরম্যাটটিতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের অধিনায়কত্ব করবেন মহারাজ। সে কারণে এই স্পিনারকে পরবর্তী টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম টেস্টেও অবশ্য তার খেলা হয়নি, একমাত্র স্পিন বিশেষজ্ঞ হিসেবে খেলা সিমন হারমারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে এবং বাভুমার অনুপস্থিতিতে ম্যাচটিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। পরবর্তী টেস্টে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। তার বদলে তিনজনই আছেন ওয়ানডে সিরিজের স্কোয়াডে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আর এই ফরম্যাটে খেলেননি ডানহাতি পেসার নরকিয়া।

এ ছাড়া বাভুমা ছাড়াও ওয়ানডে সিরিজের দলে নেই মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের সফর শেষে ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিকানদের তিন ম্যাচের টেস্টের জন্য তাদের বিশ্রামে রাখা হবে। তবে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরা লুঙ্গি এনগিডি বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন। তিনি ছাড়া পেস বিভাগে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।

এদিকে, প্রোটিয়াদের ব্যাটিংয়ের নেতৃত্বে থাকবেন কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন সিনেথেম্বা কেশিলে, ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে ফিরেছেন। ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলে সাত ইনিংসে তিনি ২৭৭ রান করেছেন, স্ট্রাইকরেট ১৯৭.৮৫। এর মধ্যে রয়েছে ১৪ বলে ফিফটি হাঁকানোর কৃতিত্ব, যা ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে ওই দলে ফিরছেন তরুণ পেসার কেনা মাফাখা। টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর উভয় দল তিনটি টি-টোয়েন্টিতে লড়বে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
ওয়ানডে : কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস

টি-টোয়েন্টি : বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন

প্রিন্ট

আরও সংবাদ