খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

পরপর দুই ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দুবলার চর: চাতালে পচছে মাছ, সাগরে যেতে পারছেন না জেলেরা

মোংলা প্রতিনিধি |
০৫:৩৮ পি.এম | ২০ নভেম্বর ২০২৬


শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে পরপর দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চর। সৃষ্ট ঘুর্ণিঝড় আকভানে উত্তাল সাগর, বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, আকাশ মেঘলা থাকা ও পর্যাপ্ত রোদের অভাবে চাতাল ও চালিতে শুকাতে দেওয়া মাছ পচে নষ্ট হচ্ছে। এতে একদিকে যেমন জেলেরা সাগরে যেতে পারছেনা-শুঁটকি মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বড় অঙ্কের আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা যায়, চলতি বছরের ৩০ অক্টোবর দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হয়। কিন্তু মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বিপাকে পড়েন জেলেরা। ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ থাকায় মৌসুমের প্রথম পাঁচ দিন সাগরে মাছ ধরতে যেতে পারেননি তাঁরা। ঝোড়ো হাওয়ায় অনেকের অস্থায়ী ঘর ও তাঁবু উড়ে যায় এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয় প্রথম দফায় আহরণ করা বিভিন্ন প্রজাতির মাছের একটি বড় অংশ।

প্রথম ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি হওয়ায় টানা তিন দিন সাগরে যেতে পারেননি জেলেরা। ফলে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজে বড় ধরনের পতন ঘটে। সাগর উত্তাল থাকায় অনেক মাছ ধরার ট্রলার ও নৌকা সুন্দরবন সংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া প্রতিকূলে থাকায় আকাশ মেঘলা থাকা, কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও রোদের অভাবে মাচা ও চাতালে শুকাতে দেওয়া মাছ পচে নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আধা শুকনো মাছ ফেলে দিতে বাধ্য হচ্ছেন জেলে মহাজনরা। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে কমে আসছে আয়। ৫ মাসের শুটকি মৌসুম-মৌসুমের শুরুতেই এমন ধাক্কায় পুরো শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

দুবলার চরের বহদ্দার সিরাজুল ইসলাম ও সায়েব আলী বলেন, আমার বহরে ৩৫ জন জেলে কাজ করছেন। সাগরে যেতে না পারায় সবাই বসে আছেন। অথচ প্রতিদিন তাঁদের খাবারসহ অন্যান্য খরচ বাবদ প্রায় আট থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে আমাদের।

আলোরকোলের জেলে শহিদুল ইসলাম বলেন, পাইকারের কাছ থেকে এক লাখ টাকা দাদন নিয়ে মাছ ধরতে এসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সাগরে যেতে পারছি না। আয় না থাকায় বাড়িতেও টাকা পাঠাতে পারছি না। ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবলার চরে জেলে, বহদ্দার ও শ্রমিক মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। সাগর থেকে মাছ আহরণ করে আলোরকোল, মেহের আলীর চর, মাঝেরকেল্লা, অফিসকেল্লা ও নারকেলবাড়িয়াসহ পাঁচটি প্রধান চরে প্রতিবছর শুঁটকি উৎপাদন করা হয়। বছরে এখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়, যার বাজারমূল্য ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি।

তবে চলতি মৌসুমে শুঁটকি উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, আবহাওয়া অনুকূলে না থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। শুঁটকি উৎপাদনে এ ধস নামলে এর প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতি, পরিবহন ও বিপণন ব্যবস্থায়। পাশাপাশি জেলে ও ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

দুবলা জেলেপল্লি­ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, দুবলার চরে মাছ ধরতে হলে জেলেদের বন বিভাগের অনুমতি ক্রমে পাশ-পারমিট নিতে সাগরে মাছ আহরণের জন্য যেতে হয়। এ মৌসুমে অনুমতিপত্রের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় নির্ধারণ করেছে বন বিভাগ। কিন্তু এভাবে বারবার ঘূর্ণিঝড়, বৃষ্টি ও বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে সরকারের রাজস্ব ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বন বিভাগের এ কর্মকর্তা।

পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, বৈরী আবহাওয়া, বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে চলতি মৌসুমে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হতে পারে। তবে দুবলার চরাঞ্চলে সবার আগে জেলেদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত জেলেদের সরকারি সহায়তা, দাদনের টাকা পরিশোধে সময় বাড়ানো, দুবলার চরে স্থায়ী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং আগাম সতর্কবার্তা পৌঁছাতে শক্তিশালী বেতার যোগাযোগব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বন বিভাগ সহ সকল সংশ্লিষ্টরা।

প্রতিকূল আবহাওয়ার কারণে দুবলার চরের শুঁটকি শিল্প এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে। একদিকে ঘূর্ণিঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান, অস্থায়ী ঘর ও শুঁটকি চাতালের ঝুঁকি, অন্যদিকে ঋণ ও দাদনের বোঝা—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাগর উপকূলের এই শ্রমজীবী মানুষগুলো। দ্রুত দুর্যোগ কেটে গিয়ে আকাশে রোদ উঠবে, শান্ত হবে সাগর—আবারও মাছ ধরার ট্রলার ছুটবে গভীর সমুদ্রে এবং চাতালে ফিরবে শুঁটকি তৈরির ব্যস্ততা, এমন প্রত্যাশাই করছেন এখানকার জেলে, বহদ্দার ও মহাজনসহ সবাই।

প্রিন্ট

আরও সংবাদ