খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

খবর প্রতিবেদন |
০৬:১২ পি.এম | ২০ নভেম্বর ২০২৬

 

পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং বিশ্ববরেণ্য ফকিহ ও মুহাদ্দিস, শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি বাংলাদেশে মুফতি তাকি উসমানির প্রোগ্রাম পরিচলানার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতি তাকি উসমানিকে এ তথ্য জানানো হলে তিনি বিশ্ব ইসলামি ফিকহ একাডেমির (ওআইসি) সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।

পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মিজানুর রহমান সাঈদ। তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মুফতি তাকি উসমানির ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সরকার চাইলে এখনো তার বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি শাহজালাল আল হাবিবী, মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী।

মুফতি তাকি উসমানি বিখ্যাত তাফসিরগ্রন্থ মাআরিফুল কোরআনের রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। বর্তমান বিশ্বের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব তিনি। তিনি হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতি বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামি অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

কোরআনের তাফসির, ইসলামি অর্থনীতি, ইসলামি আইন, রাজনীতি, তাসাউফসহ ইসলামি নানা বিষয়ে বই লিখেছেন মুফতি তাকি উসমানি। তার বেশ কিছু বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ