খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

দেশ অস্থিতিশীল করতে শেখ হাসিনা কিছু লাশ দরকার: রিজভী

খবর প্রতিবেদন |
০৭:২০ পি.এম | ২০ নভেম্বর ২০২৬

 

‘শেখ হাসিনার কিছু লাশের দরকার। আন্দোলনকে বেগবান করার নামে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ’— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের উদ্ধৃতি এসেছে। ঢাকা ক্যান্টনমেন্ট থানার গ্রেফতার ওসির ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো শেখ হাসিনার দোসররা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের পথে হাঁটছে না। বরং স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা কিংবা ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতার মধ্যদিয়ে তিনি সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি­ক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ