খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ফরম্যাটভিত্তিক নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করল পিসিবি, রিজওয়ানসহ বাদ ১৩ জন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:০১ পি.এম | ২১ নভেম্বর ২০২৬

 

কেন্দ্রীয় চুক্তির প্রচলিত কাঠামোয় বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক গ্রেডিং ব্যবস্থা বাতিল করে প্রথমবারের মতো ফরম্যাট-নির্ভর পাঁচটি আলাদা শ্রেণি বা ‘ট্র্যাক’ চালু করেছে বোর্ড। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদের এই নতুন চুক্তিতে মোট ৩৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তবে চমক হিসেবে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুবসহ ১৩ ক্রিকেটার।

শনিবার (২১ নভেম্বর) লাহোরে এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন এই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ।

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভরাডুবির পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ও ইমাম-উল-হকের বিরুদ্ধে সম্ভাব্য জুয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে, এমনকি তদন্তের নামে ফোন জব্দ রাখা নিয়েও রিজওয়ান প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তি থেকেই ছিটকে গেলেন সাবেক এই অধিনায়ক।

রিজওয়ানের পাশাপাশি ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন শান মাসুদ ও সাইম আইয়ুব। চুক্তি থেকে ঝরে পড়া অন্য ক্রিকেটাররা হলেন—হাসান আলি, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

রিজওয়ানের ভবিষ্যৎ প্রসঙ্গে আকিব জাভেদ স্পষ্ট জানান, কেন্দ্রীয় চুক্তির সঙ্গে জাতীয় দলে নির্বাচিত হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রয়োজন হলে রিজওয়ান আবারও জাতীয় দলে ফিরতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট সংস্করণের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের অন্য সংস্করণে খেলতে কোনো বাধা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। আকিব জাভেদ বলেন, ‘অন্তত একটি সংস্করণে সক্রিয় থাকা ক্রিকেটারদেরই চুক্তির আওতায় আনা হয়েছে, যাতে তারা নিজ নিজ সংস্করণে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারেন।’

নতুন কাঠামোয় কে কোন ক্যাটাগরিতে
নতুন এই চুক্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এই তিন সংস্করণের পাশাপাশি তরুণদের জন্য ‘উন্নয়নমূলক’ (ডেভেলপমেন্ট) ক্যাটাগরি রাখা হয়েছে।

টেস্ট ও ওয়ানডে: বাবর আজম ও সালমান আলী আগা।

শুধুমাত্র টেস্ট: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস ও ফাহিম আশরাফ।

শুধুমাত্র টি-টোয়েন্টি: নাসিম শাহ, শাদাব খান, সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা ও উসমান তারিক।

উন্নয়নমূলক ক্যাটাগরি (১৯ জন): আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

প্রিন্ট

আরও সংবাদ