খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ভুক্তভোগীদের নীরবতা সচেতনতা বাড়াতে হবে

|
১২:১৮ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


সমাজে অপরাধের ডালপালা নানা দিকে বেড়েছে; অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে অপরাধের শিকার ভুক্তভোগীরাই নীরব থাকেন, কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মামলা করার মতো অপরাধ, তারপরও ৮০ শতাংশ ভুক্তভোগী মামলার পথে হাঁটতে চান না। এতে অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অপরাধীরাই পার পেয়ে যায়।
সা¤প্রতিক সময়ে অপরাধের পৃথক ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন দুনিয়া। ব্যক্তিগত ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেইল, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎসহ নানা ধরনের ডিজিটাল অপরাধ নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার জানিয়েছে, তারা গত ১১ মাসে চার হাজারের বেশি সেবাপ্রত্যাশীকে সহায়তা দিয়েছে। এসব অভিযোগের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেন্টারটিতে আসা জিডির ৮০ থেকে ৮৫ শতাংশ মামলা করার মতো অপরাধ, তবু ভুক্তভোগীরা নানা কারণে মামলা করছেন না। কিছু ক্ষেত্রে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেয়। এর পেছনে কারণ অনুসন্ধান করলে দেখা যায়, ভুক্তভোগীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে আইনি পদক্ষেপ নিতে চান না। অনেক সময় নিরাপত্তার বিষয়টিও বড় হয়ে দেখা গেছে। অনেকের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে এর সঙ্গে আইনের দীর্ঘসূত্রতা এবং জটিল প্রক্রিয়াও আইনবিমুখতার বড় কারণ হিসেবে দেখা যায়। কিন্তু এই সামগ্রিক পরিস্থিতি থেকে সবচেয়ে বড় সুবিধা পেয়ে থাকে খোদ অপরাধীরা। এমনকি সমাজে অপরাধ নিয়ন্ত্রণেও এটি বড় প্রতিবন্ধকতা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. উমর ফারুক বলেন, ‘সাইবার অপরাধ সম্পর্কে আমাদের দেশের মানুষের সচেতনতা ও জানাশোনা তুলনামূলকভাবে কম। কোনো ঘটনা ঘটলে আইনগতভাবে কিভাবে প্রতিকার পেতে হবে, কোথায় অভিযোগ করতে হবে এবং শেষ পর্যন্ত এর বিচারিক প্রক্রিয়া কী-এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।’
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজে সচেতনতা বাড়াতে হবে। মনে রাখা জরুরি, ভুক্তভোগীর নীরবতা অপরাধীকে আরো একটি অপরাধে ইন্ধন দিতে পারে। পাশাপাশি আইনের প্রতি আস্থা বাড়াতে দেশের নিরাপত্তা বাহিনীকেও আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ