খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

তেরখাদায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


খুলনার তেরখাদা উপজেলায় বাড়ি ফেরার পথে মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মাফিক সরদার মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে ছিল। ভিকটিম সেখানে আসা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে তিনটি গুলি তার বাম হাত, বাম পা এবং কোমরের বাম পাশে বিদ্ধ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ