খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ঐক্য গড়তে দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ২২ নভেম্বর ২০২৬

 

নাশকতা বিরোধী ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী জোটের জামায়াতে ইসলামী, এনসিপি ছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ডাকবেন সরকারপ্রধান। এনসিপির সঙ্গে আগামী সোমবার বৈঠক হতে পারে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেছেন, অনানুষ্ঠানিক আলাপ শুরু হয়েছে। সরকারের দিক থেকে আলোচনার আমন্ত্রণ এসেছে। সোমবার বৈঠক হবে কিনা তা চূড়ান্ত নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরপর বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে।

একাধিক রাজনৈতিক সূত্র সাংবাদিকদের জানিয়েছে, বিএনপির একজন হুইপ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন। আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী রাজনৈতিক সব দলের একসঙ্গে বা পৃথক পৃথক বৈঠকও করতে পারেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে এক সঙ্গে আনতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। গত বুধবার সংসদে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী চব্বিশের জুলাইয়ের মত ঐক্যের ডাক দেন। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

জামায়াতের মত এননিপিও শর্ত দিয়েছে, ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিএনপি ঐক্যের আহ্বান জানালেও গণভোটের রায় বাস্তবায়নের দাবির বিষয়ে এখনও কিছু বলেনি।

বিএনপি সূত্র জানিয়েছে, শুধু জামায়াত নেতৃত্বাধীন ১১ দল নয়, সরকারি দলের সঙ্গে থাকা দলগুলোকে ডাকা হবে। আমন্ত্রণ জানানো হবে বামপন্থি দলগুলোকেও। কিছু সংগঠনকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত সাবেক এই প্রধানমন্ত্রী ফেরার ঘোষণায় গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছেন তাঁর সমর্থকরা। পুলিশ থানা, বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে। হামলা করেছে হাসপাতালেও। পরিস্থিতি রাজনৈতিকভাবে ঠেকাতে জুলাইয়ের পক্ষের সব দলগুলোকে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। 
সূত্র : সমকাল অনলাইন

প্রিন্ট

আরও সংবাদ