খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

বিকাশ কর্মীদের গুলি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


গাজীপুরের শ্রীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকা লুটের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হাসমত উল্লাহ এ তথ্য জানান। গ্রেফতার ইমরান শেখ (২৪) কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়। রবিন ওই এলাকার মোস্তফার ছেলে। শনিবার তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্তপুর এলাকায় প্রাইভেটকারের পথরোধ করে বিকাশের কর্মীদের কাছ থেকে টাকা লুট করে দুর্বৃত্তরা। এ সময় বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) লক্ষ্য করে গুলি করা হয়। ওই দিন ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা নগদ সংগ্রহ করা হয়। পরে প্রাইভেটকারে করে ওই টাকা মাওনা চৌরাস্তার অফিসে নেওয়া হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। এ সময় পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পরে গাড়ির পেছনের ডেস্কে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে দু’টি নিয়ে পালিয়ে যায়। প্রথমে প্রায় তিন কোটি টাকা লুটের ধারণা করা হলেও পরে গাড়িতে থাকা বস্তার টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এতে লুট হওয়া টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

প্রিন্ট

আরও সংবাদ