খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সহিংসতা

মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা

খবর প্রতিবেদন |
০২:২৫ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


দাউ দাউ করে থানার ভেতরে জ্বলছিল আগুন। আর বাইরে ভাঙচুর আর বিক্ষুব্ধ জনতার উত্তেজনা। এমন ভয়াবহ পরিস্থিতিতে কার্যত অসহায় হয়ে পড়েন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা। থানার অস্ত্রাগারে থাকা বিপুল সংখ্যক অস্ত্রের নিরাপত্তা নিয়েও দেখা দেয় শঙ্কা। ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যায় পাশের জেলা ফরিদপুরের সালথা থানা পুলিশ। এর পর একে একে থানার ভেতরে থেকে বের করে আনা হয় ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন অস্ত্র। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ। পরে সেগুলো নিরাপদে নিয়ে আসা হয় ফরিদপুর পুলিশ লাইনে।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টাব্যাপী চালানো তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আগুনে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে ফরিদপুরের সালথা থানা থেকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে ২টি গাড়িসহ পুলিশের একটি দল মুকসুদপুর থানায় পৌঁছায়। দুটি গাড়িতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই থানায় প্রবেশ করেন। পরে অস্ত্রাগারের তালা ভেঙে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলো পরে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়।
সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এমন পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তখন দায়িত্বের অংশ হিসেবে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানায় যাই। পরে সেখান থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি। 
এদিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা, পেশাদারিত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী অভিনন্দন বার্তায় বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তার দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে বলেও জানান তিনি।
তাছাড়া ওসি বাবলুর রহমান খান ও তার দলের সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।
 

প্রিন্ট

আরও সংবাদ