খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ

জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ

খবর বিজ্ঞপ্তি |
০২:৩১ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার বিএনপি যখন জনগনের বিপুল ভোটে বিজয়ী হয়ে অর্থনীতি বিধ্বস্ত বাংলাদেশকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতায় পুনঃগঠন করার কাজে মনোনিবেশ করেছেন। ঠিক তখনই নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট সরকার দেশ ও দেশের বাইরে নানান ষড়যন্ত্র করে রাষ্ট্র ও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করতে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ আজ মরিয়া হয়ে উঠেছে। অর্থনীতি ভঙ্গুর দেশকে যখন সরকার নানা ভাবে এগিয়ে নিতে ব্যস্ত পতিত সরকার তখন জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। কিন্তু তারা জানে না, তাদের আপা আসি আসি করেও আর বাংলার মাটিতে ফিরবে না। তাই দেশকে অস্থিতিশীল না করে সরকারের সকল উদ্যোগকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান তিনি। অন্যথায় সরকার জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে মোকাবিলা করবে। 
গতকাল শনিবার বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন, গঙ্গারামপুর ইউনিয়ন ও জলমা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে জিরোপয়েন্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ চায়। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি’র নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে। দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, উপজেলা  বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, বিএনপি নেতা সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, দাকোপ বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন,  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, রুহুল মোমেন লিটন, জি এম হারুন অর রশীদ, রাশেদ কামাল, ইমরান হোসেন মোল্লা, পলাশ মহালদার, শিহাব মোড়ল, আবুবক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, মোল্লা হামিদুর রহমান, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস, শাকিল হোসেন, সামছুর রহমান, প্রতিফল বিশ্বাস ও মোঃ সজীব  প্রমুখ।
অগ্নিসন্ত্রাস বিরোধী মিছিলটি সাচিবুনিয়া থেকে গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে এসে শেষ হয়। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের ঘোষিত ৪০দিনের কর্মসূচির দ্বিতীয় দিনের এ প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্ত নেতাকর্মীদের উপড়েপড়া ভীড় ছিল লক্ষ্যণীয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় দাকোপ-বটিয়াঘাটায়।

প্রিন্ট

আরও সংবাদ