খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে ফের দুর্বৃত্তদের কালো কালি

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ পি.এম | ২২ নভেম্বর ২০২৬


নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড়ের দেয়ালে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও বিকৃত করার অভিযোগ উঠেছে। আজ রোববার  (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা দেয়ালচিত্রে অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা অবস্থায় দেখতে পান। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে এ নিয়ে দ্বিতীয়বার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবনের উল্টো দিকের দেয়ালটিতে দেশের বরেণ্য ব্যক্তিদের গ্রাফিতি আঁকা হয়েছিল। দেখা গেছে, সেখানে থাকা কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও ওসমান হাদিসহ অন্যান্যদের চিত্রকর্মগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে। কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্প্রে পেইন্ট ব্যবহার করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখেও যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকার একটি দেয়ালচিত্রে থাকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপে দিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। সে সময় নাগরিক সমাজের প্রতিবাদের মুখে পরদিনই কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হস্তক্ষেপে প্রতিকৃতিটি সংস্কার করে পুনরায় এঁকে দেওয়া হয়। তবে দুই সপ্তাহ পার হতে না হতেই শিববাড়ি মোড়ের দেয়ালচিত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় নগরীর সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ