খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা বুঝে পাঠ্যক্রম তৈরির পরামর্শ শিক্ষামন্ত্রীর

খবর প্রতিবেদন |
০২:২৭ পি.এম | ২২ নভেম্বর ২০২৬

 

শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও কর্মক্ষেত্রের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরির পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আগে শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে কাজের ধরন এবং দক্ষ জনবলের চাহিদা সম্পর্কে ধারণা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষার্থী ভর্তি করিয়ে সনদ দিলেই শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীরা কী শিখছেন, সেই শিক্ষা দিয়ে কর্মক্ষেত্রে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারছেন এবং তাদের কতজনের কর্মসংস্থান হচ্ছে, তার হিসাব বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে হবে।’

এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক তৈরি না হলে কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা কঠিন হবে। এ জন্য শুধু শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠালেই হবে না, শিক্ষকদেরও আগে সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে। তারা শিল্পপ্রতিষ্ঠানের কাজের ধরন ও জনবলের চাহিদা বুঝে পাঠ্যসূচি, কারিকুলাম ও সিলেবাস তৈরি করবেন। এরপর সেই অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।

শিল্পপ্রতিষ্ঠান কেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে, তাদের কী লাভ হবে, সেটিও বিবেচনায় নেওয়ার কথা বলেন মন্ত্রী। বলেন, ‘শুধু শিল্পপ্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান জানালে হবে না। তাদেরও সুবিধা ও প্রণোদনা দিতে হবে। এ বিষয়গুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন।’

উন্নত দেশগুলোর অভিজ্ঞতা পর্যালোচনার ওপর গুরুত্ব দিয়ে এহছানুল হক মিলন বলেন, অন্য দেশ কীভাবে এগিয়েছে, তাদের পদ্ধতি কী ছিল, তা নিয়ে গবেষণা করা যেতে পারে। তবে অন্ধভাবে কোনো মডেল অনুসরণ করা উচিত নয়। দুঃখজনকভাবে দেশে গবেষণার পরিমাণ দিন দিন কমছে। অথচ গবেষণার মাধ্যমেই সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি হতে পারে।

কর্মক্ষেত্রে দক্ষতার চাহিদা দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতায় বড় পরিবর্তন আসবে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের কী ধরনের দক্ষতা শেখানো প্রয়োজন, তা এখনই নির্ধারণ করতে হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘এআইকে শুধু সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসর আসার সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। তাই এআই নিয়ে আতঙ্কিত না হয়ে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতি নিতে হবে।’

দেশে বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের শিক্ষার্থীদের কর্মসংস্থানের তথ্য সংরক্ষণের তাগিদ দেন শিক্ষামন্ত্রী। বলেন, ‘প্রতিবছর কত শিক্ষার্থী ভর্তি হচ্ছে, কতজন পড়াশোনা শেষ করছেন, তাদের মধ্যে কতজন চাকরি বা অন্য কোনো পেশায় যুক্ত হচ্ছেন এবং কতজন বেকার থাকছেন; এসব তথ্য বিশ্ববিদ্যালয়গুলোর কাছে থাকতে হবে। তথ্য ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব নয়।’

এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আগামী পাঁচ বছরে বা ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কমাতে কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চাওয়ার কথা উল্লেখ করেন তিনি। তবে প্রয়োজনীয় তথ্য ও পরিকল্পনা পাওয়া যায়নি বলে জানান মন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে বেকারত্ব বাড়ানোর জন্য, নাকি কর্মসংস্থান তৈরির জন্য-তার জবাবদিহি থাকতে হবে। শুধু শিক্ষার্থী ভর্তি করানো ও সনদ দেওয়াকে শিক্ষাব্যবস্থার সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। আগামী পাঁচ বা দশ বছরে কোন খাতে কী ধরনের জনশক্তি প্রয়োজন হবে, সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোকে তার পরিকল্পনা করতে হবে।

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ ১ দশমিক ৩৯ শতাংশ থেকে ২ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। তবে বরাদ্দ বাড়ালেই হবে না, সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা দেখতে হবে। প্রধানমন্ত্রীও জানতে চান, শিক্ষা খাতে দেওয়া অর্থ দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কী করা হচ্ছে।

অবকাঠামো নির্মাণের চেয়ে শিক্ষার মান উন্নয়নে ব্যয়ের বিষয়টি বেশি গুরুত্ব পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরিতে অর্থ ব্যয় করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বরাদ্দ পাওয়া অর্থ যথাযথভাবে ব্যবহার করতে না পারলে এর দায় নিতে হবে।

গবেষণার বরাদ্দের হিসাব তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, গত বছর গবেষণার জন্য ২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, এ বছর দেওয়া হয়েছে ২২ কোটি টাকা। কিন্তু এই অর্থ কীভাবে ব্যয় হয়েছে এবং কী ধরনের গবেষণা হয়েছে, তার জবাবদিহি থাকতে হবে। শুধু অর্থের অভাবের কথা বললে হবে না, বরাদ্দ পাওয়া অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অর্থবছরের নভেম্বর চলে এলেও কোনো কোনো প্রকল্পের বরাদ্দের বড় অংশ ব্যয় করা যায় না। এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। শুধু পরিকল্পনা ও প্রস্তাব দিয়ে বসে থাকলে হবে না।

শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, কারেন্ট অ্যাডভাইজরি বোর্ড, উদ্ভাবন ও ইনকিউবেশন সেন্টার, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এবং ইন্টার্নশিপের সুযোগ তৈরির প্রস্তাবগুলোতে সরকার সহযোগিতা করবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে পারে। এ ক্ষেত্রে তারা সরকারের কাছে কী ধরনের সুবিধা বা প্রণোদনা চায়, তা জানাতে হবে। যৌথ গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও সরকার সহযোগিতা করতে প্রস্তুত।

তবে শুধু সেমিনার ও আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। কোন কাজ কে করবে, কীভাবে করবে এবং কত দিনের মধ্যে করবে, তা নির্ধারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের সরকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এহছানুল হক মিলন।

শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময় ব্যয়ের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া মিলিয়ে শিক্ষার্থীদের অনেক সময় চলে যাচ্ছে। এই সময় কমিয়ে আনতে হবে। এসএসসি পরীক্ষার ফল দ্রুত প্রকাশের চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলও দ্রুত প্রকাশের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোকে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভাগ খোলার পরামর্শ দিয়ে এহছানুল হক মিলন বলেন, শুধু নতুন বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করলেই হবে না। যে বিষয়ে কর্মক্ষেত্রে চাহিদা নেই, এমন বিভাগ খোলার প্রয়োজন নেই। কোন খাতে জনবলের চাহিদা রয়েছে, তা যাচাই করে নতুন বিভাগ চালু করতে হবে। অতীতে শিক্ষক বা শিক্ষার্থী রাজনীতির বিবেচনায় যেসব বিভাগ খোলা হয়েছে, সেই ধরনের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে।

অন্যদিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকসংকট দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামো বাড়ানোর প্রস্তাব বিভিন্ন পর্যায়ে আটকে থাকার সমালোচনা করে মন্ত্রী বলেন, চিঠি চালাচালি করে সময় নষ্ট করা যাবে না। প্রয়োজনীয় প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করতে হবে।

এ ক্ষেত্রে প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ দিয়ে মিলন বলেন, কোনো প্রস্তাব বা প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। কোনো বিষয় ৭২ ঘণ্টার বেশি আটকে থাকা উচিত নয়। দুই ঘণ্টার মধ্যে সমাধান করা সম্ভব হলে দুই ঘণ্টাতেই করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই শুধু আগের ব্যবস্থার সমালোচনা না করে কাজের মাধ্যমে পরিবর্তন দেখাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকার বেকারত্ব কমানো ও কর্মসংস্থান তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে নিজেদের উদ্যোগ নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ