খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

মন্দির দেখতে গিয়ে প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন

খবর প্রতিবেদন |
০৩:১৪ পি.এম | ২২ নভেম্বর ২০২৬

 

ভারতের রাজস্থানে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন।

রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে সড়ক ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধর করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন।

তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতমসহ পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তারা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল দল নিয়োজিত করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।’ তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। 

প্রিন্ট

আরও সংবাদ