খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

নভেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

খবর প্রতিবেদন |
০৫:৫৭ পি.এম | ২২ নভেম্বর ২০২৬


নভেম্বরের প্রথম ২২ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও দুজন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮-তে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজন ও রংপুর বিভাগে চিকিৎসাধীন একজন মারা গেছে।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশালে ১৬৭, খুলনায় ১৭৪, রংপুরে ৬৪ ও ময়মনসিংহ বিভাগে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে নভেম্বরের প্রথম ২২ দিনে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু হলো। এর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবর মাসে ১৭৪ জন মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭০ জন।

প্রিন্ট

আরও সংবাদ