খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় জনতার হাতে আটক যুবকের স্বীকারোক্তিতে মিলল অস্ত্র-গুলি

খবর প্রতিবেদন |
১১:১০ পি.এম | ২২ নভেম্বর ২০২৬


খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় স্থানীয় জনতার হাতে আটক এক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি ও একটি ধারালো চাপাতি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদ মোল্লার মোড় এলাকায় গণপিটুনির পর কামরান শেখ নামের ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।

আটক কামরান শেখ টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার কামাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরানকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে টুটপাড়া এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল। রোববার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, পুলিশের হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরান অস্ত্রের তথ্য দেয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গণপিটুনিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য কামরানকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট

আরও সংবাদ