খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

খবর প্রতিবেদন |
১১:৩০ পি.এম | ২২ নভেম্বর ২০২৬

 

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজন কার্যক্রমে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এ অর্থ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হলে অনুদানের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, প্রায় ৪১০ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে।

এ ছাড়া গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এই অতিরিক্ত অর্থায়ন পাওয়া গেলে দুটি তহবিল থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

ড. সাইমুম পারভেজ স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক তহবিল থেকে পাওয়া অর্থের পুরোটাই অনুদান। এগুলো ঋণ নয় এবং সরকারকে ফেরত দিতে হবে না।

তিনি জানান, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের অর্থ জলবায়ু বীমা উদ্যোগসহ জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে ব্যবহার করা হবে। এসব অর্থের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অর্থায়নসংক্রান্ত অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তাঁর মতে, জলবায়ু অর্থায়নে অনুদানের পরিমাণ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে। এতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ কারণে বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে।

ড. সাইমুম বলেন, যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশ প্রতিনিধি দল এসব দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়।

সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে আলোচনা গড়ানোর পর শেষ পর্যায়ের দরকষাকষিতেও গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখে বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি ম্যানগ্রোভ বন সংরক্ষণেও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ড. সাইমুম জানান, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক অনুদান ও অংশীদারত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণ, সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং এসব বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছিল সরকার। তাঁদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক সহযোগীদের আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিকে, কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনাও খতিয়ে দেখছে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, এ লক্ষ্যে গত সাত-আট মাস ধরে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে। কপ৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। কার্বন ক্রেডিট লেনদেনের প্রক্রিয়া চূড়ান্ত হলে বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
সূত্র: বাসস

প্রিন্ট

আরও সংবাদ