খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল নাহিদ ইসলাম

খবর প্রতিবেদন |
১১:৩৩ পি.এম | ২২ নভেম্বর ২০২৬

 

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ আমাদের আহ্বান থাকবে, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলোতে যদি বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিৎ। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে তারা আসলেই জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না।’

পতিত ফ‍্যসিস্টদের মোকাবেলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয় বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল সেই ঐক্যই কেবল ফ‍্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।’

বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ