খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

দেশে সক্রিয় ভিনদেশি প্রতারকচক্র আইনানুগ পদক্ষেপ নিন

|
১১:৫৩ পি.এম | ২২ নভেম্বর ২০২৬


সময় বদলেছে, পৃথিবী ছোট হয়ে এসেছে। যোগাযোগব্যবস্থা তুলনামূলক সহজ হওয়ায় বেড়েছে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত। বেড়েছে প্রযুক্তির ব্যবহারও। এমন পরিস্থিতির সুযোগ নিচ্ছে চৌকস প্রতারকচক্র। সা¤প্রতিক সময়ে বাংলাদেশে ভিনদেশি নাগরিকদের বেশ কিছু প্রতারণার তথ্য পাওয়া গেছে। অনলাইন প্রতারণা থেকে শুরু করে জুয়া, মাদক, সোনা চোরাচালানসহ নানাভাবে সাধারণ মানুষকে তারা ফাঁদে ফেলছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এমন অপরাধে গত দুই বছরে বিভিন্ন দেশের ৬৩৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, ভিনদেশি নাগরিকদের প্রতারণার বিষয়টি বিশেষ নজরে আনা অত্যন্ত জরুরি।
জানা যায়, আটক বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের, ৩৪৬ জন। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, মাদক ও সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে। গত ২৭ আগস্ট থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই ভারতীয় নাগরিককে পাঁচ কেজি ১২০ গ্রাম কুশ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগেও একই মাদকসহ ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। ভারতীয় ছাড়াও মিয়ানমার, তাইওয়ান, লাওস, পাকিস্তান, চীন ও ভিয়েতনামের নাগরিকদের প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে ভুয়া ক্রিপ্টোকারেন্সি বা ভুয়া বিনিয়োগ স্কিম এবং স্ক্যাম সেন্টার পরিচালনার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের একটি আবাসিক এলাকা থেকে ৭০ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ, যাদের বিরুদ্ধে স্ক্যাম সেন্টারের মতো অনলাইন প্রতারণার অভিযোগ রয়েছে। প্রায় কাছাকাছি সময়ে একই ধরনের অভিযোগে কক্সবাজার থেকেও ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তেই ভিনদেশি প্রতারকচক্র সক্রিয় রয়েছে। কাজেই এই পরিস্থিতিকে কিছুতেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
আরো যে বিষয় লক্ষণীয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান করা অনেক নাগরিকও পরবর্তী সময়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে। জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন লোক বাংলাদেশে এসেছে, তাদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে ১২৬ দেশের অন্তত সাত হাজার ৮৮ জন, যার মধ্যে ভারতীয় দুই হাজার ১৬৪ জন। এরপরই রয়েছে চীনের অবস্থান এক হাজার ৯৯৫ জন। যদিও অবৈধভাবে অবস্থান করা মানেই সবাই অপরাধে জড়িয়ে পড়ছে, তা-ও নয়। কিন্তু এর মধ্য দিয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারির দুর্বলতাই সামনে আসে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের মধ্যে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি। অনেকেই ব্যবসা বা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে অবৈধভাবে থেকে যায়। কেউ কেউ পাসপোর্ট নষ্ট করে ফেলে। এরপর পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করে মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে বাংলাদেশে থেকে যায়। অনেকে গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ার তথ্যও পাওয়া গেছে।
আমরা মনে করি, দেশে বিদেশি নাগরিকদের অপরাধ চক্রের অপৎপরতা নিয়ন্ত্রণে প্রয়োজন কড়া নজরদারি। বাংলাদেশকে কেউ যেন অপরাধকর্মের সহজ ক্ষেত্র মনে না করতে পারে, সেজন্য আইনের কড়াকড়ি জরুরি। সর্বোপরি অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি একান্ত অপরিহার্য।

প্রিন্ট

আরও সংবাদ