খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে সরকারের ন্যূনতম বিচ্যুতি নেই: মাহদী আমিন

খবর প্রতিবেদন |
০৪:১৫ পি.এম | ২৩ নভেম্বর ২০২৬


জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়নে সরকারের অবস্থানের কোনো বিচ্যুতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।

মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, চার সদস্যের প্রতিনিধিদলে দলটির শীর্ষ নেতাদের আলোচনায় গণতান্ত্রিক সরকারব্যবস্থা, রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধের বিষয়গুলো উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানুষের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়ন, দেশীয় শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রয়োজন। এনসিপির সঙ্গে আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে।

পলাতক স্বৈরাচারের অপশক্তি যাতে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এনসিপির পক্ষ থেকে ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনায় শর্তের বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যকে আরও সুসংহত করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ