খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

‎ফকিরহাটে ১১টি অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত করলেন ইউএনও

‎ফকিরহাট প্রতিনিধি |
০৫:২০ পি.এম | ২৩ নভেম্বর ২০২৬


‎বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের একটি যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ‎অভিযানে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
‎
‎এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বন প্রহরী বিশ্বাস নওশের আলী এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর উপস্থিত ছিলেন।
‎
‎পরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান উদ্ধার করা ১১টি পাখি অবমুক্ত করেন।
‎
‎এ সময় ইউএনও মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে এবং শীত শেষে নিজস্ব আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ