খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু, মা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৩৬ পি.এম | ২৩ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আব্দুল আজিজ গাজী নামের এক মটরসাইকেল চালক নিহত ও গুরুতর আহত হয়েছেন আরোহী তার স্ত্রী রোকেয়া খাতুন। সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলাধীন বংশীপুর-ভেটখালী সড়কের পাচু সরদারের মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় জনতার সহায়তায় শ্যামনগর থানা পুলিশ ঘাতক ট্রাকসহ তার চালককে আটক করেছে। গুরুতর আহত রোকেয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মটরসাইকেল চালক মো. আব্দুল আজিজ গাজী (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড় এলাকার মৃত আব্দুল হক গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক অভিক বড়াল জানান, ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য মিষ্টি ও অনান্য জিনিসপত্রসহ স্ত্রীকে সাথে নিয়ে আব্দুল আজিজ গাজী মটরসাইকেলে শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলাধীন বংশীপুর-ভেটখালী সড়কের পাচু সরদারের মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আজিজ গাজী। এঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রোকেয়া খাতুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, স্থানীয় জনতার সহায়তায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

প্রিন্ট

আরও সংবাদ