খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ড

খবর প্রতিবেদন |
০৬:২১ পি.এম | ২৩ নভেম্বর ২০২৬

 

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা পড়েছে নিম্নতম মজুরি বোর্ডে। তবে প্রস্তাবটি আপাতত প্রকাশ করা হচ্ছে না। স্টেকহোল্ডারদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা এড়াতে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে এটি গোপন রাখার কথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। নামাজের বিরতি দিয়ে বিকেল প্রায় ৪টা পর্যন্ত চলে আলোচনা। সভা শেষে চেয়ারম্যান জানান, বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্তও সভায় তুলে ধরা হয়েছে। আলোচনা শেষে পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হবে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি হোক, তা চায় না বোর্ড। এ কারণে সর্বসম্মতভাবে প্রস্তাবটি আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। প্রয়োজনে মালিকপক্ষকে প্রস্তাব সংশোধন করে আলোচনায় আসতে হবে। দ্রুত সমঝোতায় পৌঁছাতে প্রয়োজন হলে রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

বাবুল আখতার আরও বলেন, শ্রমিকদের আন্দোলন মজুরি বোর্ডের সভার ওপর নির্ভরশীল নয়। নতুন মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে পারে। তবে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার।

প্রিন্ট

আরও সংবাদ